নীলফামারীর ডিমলা উপজেলা সদরে অভিযান চালিয়ে ১০৫টি ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার সন্ধ্যায় ডিমলা উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসায় জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ডিমলা থানা পুলিশও অভিযানে সহযোগিতা করে।
আটকরা হলেন—ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান, তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মো. সহিদুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় মাদক বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাসা থেকে ১০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সবুজ রহমান ও তার স্ত্রী ডোমারের স্থায়ী বাসিন্দা হলেও তারা ডিমলা সদরের হোলারজুম্মা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, আটক তিনজনের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স